01/06/2026
গরম পড়লেই বাচ্চাদের পাতলা পায়খানার রোগ বাড়তে শুরু করে। আর তখনই সবচেয়ে বেশি যে ভুলটি হয়, তা হলো ফার্মেসি থেকে নিজেরাই অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ানো।
কিন্তু শিশুদের অধিকাংশ ডায়রিয়ার কারণ ভাইরাস, বিশেষ করে রোটাভাইরাস। তাই বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন হয় না। বরং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ভবিষ্যতে নানা সমস্যার কারণ হতে পারে।
ডায়রিয়ায় সবচেয়ে বড় ঝুঁকি হলো শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যাওয়া। তাই চিকিৎসার মূল লক্ষ্য হওয়া উচিত সেই ঘাটতি পূরণ করা।
প্রতিবার পাতলা পায়খানার পর ২ বছরের কম বয়সী শিশুদের ৫০-১০০ মিলি ORS এবং ২ বছরের বেশি বয়সী শিশুদের ১০০-২০০ মিলি ORS খাওয়ান। একসাথে বেশি না দিয়ে অল্প অল্প করে বারবার দিন। বুকের দুধ খাওয়া শিশু হলে আরও ঘন ঘন বুকের দুধ খাওয়ান। পাশাপাশি খিচুড়ি, ভাত, কলা, আলু ভর্তা, ভাতের মাড় ও ডাবের পানি দিতে পারেন। "পেট খারাপ" ভেবে খাবার বন্ধ করা যাবে না।
ডায়রিয়ার সময় Zinc খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। ৬ মাসের কম বয়সী শিশুদের Zinc syrup আধা চা-চামচ করে দিনে ২ বার এবং ৬ মাসের বেশি বয়সী শিশুদের ১ চা-চামচ করে দিনে ২ বার, মোট ১৪ দিন খাওয়ানো যেতে পারে। প্রয়োজনে Enterogermina দিনে ১ বার, ৫ দিন দেওয়া যেতে পারে।
বাচ্চা পানি খেতে না চাইলে, বারবার বমি করলে, চোখ বসে গেলে, প্রস্রাব কমে গেলে, পায়খানার সাথে রক্ত গেলে অথবা অস্বাভাবিকভাবে ঝিমিয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে আসুন।
শিশু চিকিৎসক ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন