24/08/2026
আসলে আমি এই কফি এনেমার বিষয় নিয়ে কিছু লিখতে চেয়েছিলাম না কিন্তু এক ফেসবুক গ্রুপে এক ব্যক্তির পোস্ট দেখে আসলে না লিখে আমি থাকতে পারলাম না। উনি বলেছেন কফি এনেমা করে নাকি ৫০ থেকে ৬০ রকমের রোগ ভালো করা সম্ভব এবং আরেকজন পোস্ট করেছেন যে কফি এনেমা করে নাকি উনার অ্যালার্জি ভালো হয়ে গেছে। এগুলো দেখে আমি আসলে হতবাক শুধুমাত্র পিছন দিয়ে কফি পান করে এতো রোগ ঠিক করে ফেলা সম্ভব। আসলেই কি এটা সম্ভব চলুন বিষয়টা জেনে নেই।
১৯৩০-এর দশকে জার্মান বংশোদ্ভূত চিকিৎসক ডা. ম্যাক্স গারসন (Max Gerson) একটি বিশেষ খাদ্যাভ্যাস ও ডিটক্সিফিকেশন (বিষমুক্তকরণ) প্রক্রিয়ার উদ্ভব করেন, যা চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে ‘গারসন থেরাপি’ (Gerson Therapy) নামে পরিচিত।
শুরুতে তিনি এটি নিজের মারাত্মক মাইগ্রেনের ব্যথা কমানোর জন্য তৈরি করেছিলেন। পরে তিনি যক্ষ্মা (Tuberculosis) এবং পরবর্তীতে ক্যান্সারের বিকল্প চিকিৎসা হিসেবে এটি প্রচার করতে শুরু করেন। মূলত এই থেরাপির মাধ্যমেই কফি এনেমার ধারণাটি বিশ্বজুড়ে পরিচিতি ও জনপ্রিয়তা পায়।
ডা. গারসন বিশ্বাস করতেন যে, শরীরে পুষ্টির মারাত্মক অভাব এবং অতিরিক্ত মাত্রায় টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হওয়ার কারণেই ক্যান্সারের মতো জটিল রোগের সৃষ্টি হয়। তাই তার চিকিৎসায় দুটি মূল বিষয় ছিল:
✅বিপুল পুষ্টি সরবরাহ: রোগীদের প্রতিদিন প্রচুর পরিমাণে (প্রায় ১৩ গ্লাস) কাঁচা, সম্পূর্ণ অর্গানিক শাকসবজি এবং ফলের জুস পান করতে হতো।
✅টক্সিন বের করা: শরীর থেকে বিষাক্ত পদার্থ দ্রুত বের করে দেওয়া।
গারসনের দাবি অনুযায়ী, যখন রোগীর শরীরে এই বিপুল পরিমাণ পুষ্টি প্রবেশ করে, তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং ক্যান্সারের টিউমারগুলো ভাঙতে শুরু করে। টিউমার ভাঙার ফলে রক্তে হঠাৎ করে প্রচুর পরিমাণে বিষাক্ত পদার্থ (Toxins) ছড়িয়ে পড়ে। এই বর্জ্যগুলো পরিষ্কার করার দায়িত্ব পড়ে শরীরের প্রধান ফিল্টার বা লিভারের ওপর। গারসনের মতে, লিভার তখন এত বেশি টক্সিনের চাপে ওভারলোড হয়ে যায় যে, এর ফলে রোগীর মৃত্যুও হতে পারে।
লিভারকে এই অতিরিক্ত টক্সিন দ্রুত বের করতে সাহায্য করার জন্যই ডা. গারসন তার থেরাপিতে কফি এনেমা যুক্ত করেন। তিনি বিশ্বাস করতেন, মলদ্বার দিয়ে কফি প্রবেশ করানো হলে তা সরাসরি পোর্টাল ভেইন (Portal Vein)-এর মাধ্যমে লিভারে পৌঁছায়। গারসন থেরাপিতে রোগীদের দিনে একাধিকবার (এমনকি ৪-৬ বার পর্যন্ত) কফি এনেমা নেওয়ার নির্দেশ দেওয়া হতো। কিন্তু আসলে তার এই থেরাপির কোন গ্রহণযোগ্যতা নেই। আমি যতগুলো রিসার্চ পেপার ঘেঁটেছি কোথাও এর উপকারিতা নিয়ে কিছু পাই নেই। কিন্তু উল্টো পেয়েছি এর থেকে ক্ষতিকর দিক। কিন্তু বাংলাদেশে এর আবিষ্কারক আবার একটা টিভি টকশোতে বলেছেন জাপান থেকে শুরু করে অনেক দেশ নাকি এটা নিয়ে গবেষণা করে উনেক উপকার পেয়েছে।
যাই হোক আমি এখন এখানে কফি এনামার কিছু ক্ষতিকর দিক তুলে ধরছি।
✅ডিহাইড্রেশন ও ইলেক্ট্রোলাইট ঘাটতি: এটি শরীর থেকে প্রচুর পরিমাণে পানি এবং গুরুত্বপূর্ণ মিনারেল (যেমন পটাশিয়াম) বের করে দেয়, যা পেশিতে টান পড়া বা মারাত্মক দুর্বলতার কারণ হতে পারে।
✅অন্ত্রে ছিদ্র (Bowel Perforation): ভুলভাবে টিউব প্রবেশ করালে বা অতিরিক্ত চাপের ফলে মলদ্বার বা অন্ত্র ছিদ্র হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি থাকে, যার জন্য জরুরি সার্জারির প্রয়োজন হয়।
✅ইনফেকশন বা সংক্রমণ: ব্যবহৃত যন্ত্রপাতি সম্পূর্ণ জীবাণুমুক্ত না থাকলে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে।
✅পুড়ে যাওয়ার ঝুঁকি: কফির মিশ্রণ অতিরিক্ত গরম থাকলে মলদ্বার এবং অন্ত্রের ভেতরের স্পর্শকাতর অংশ মারাত্মকভাবে পুড়ে যেতে পারে। এ জন্য তারা আবার সাজেস্ট করেন যে কফির তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮ ফারেনহাইট থাকতে হবে।
✅গুরুতর স্বাস্থ্যঝুঁকি: দীর্ঘমেয়াদে বা বারবার এটি করলে ইলেক্ট্রোলাইটের অভাবে হার্ট ফেইলিউরের মতো জীবনের জন্য হুমকিস্বরূপ পরিস্থিতি তৈরি হতে পারে এবং কিছু ক্ষেত্রে মৃত্যুর রেকর্ডও রয়েছে।
⚠️এখন হার্ট ফেইলিউরের মতো জীবন ঝুঁকি কেন হতে পারে?
কফি এনেমার ফলে শরীর থেকে প্রচুর পানি এবং হার্টের জন্য অপরিহার্য খনিজ উপাদান, বিশেষ করে পটাশিয়াম, জোরপূর্বক বেরিয়ে গিয়ে দ্রুত ঘাটতি তৈরি করে। পটাশিয়ামের এই মারাত্মক অভাব হার্টের স্বাভাবিক সংকোচন ও প্রসারণের বৈদ্যুতিক সংকেত ব্যবস্থা পুরোপুরি এলোমেলো হয়ে পড়ে। ফলস্বরূপ, বৈদ্যুতিক সংকেত ঠিকমতো না পাওয়ায় হার্ট তার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে এবং খুব দ্রুত, ধীরে বা এলোমেলোভাবে কাঁপতে শুরু করে (যাকে অ্যারিথমিয়া বলা হয়)। এর পাশাপাশি, মারাত্মক পানিশূন্যতার কারণে শরীরে রক্তচাপ কমে যাওয়ায় রক্ত চলাচল স্বাভাবিক রাখতে হার্টকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। শেষ পর্যন্ত, এই অতিরিক্ত চাপ এবং এলোমেলো স্পন্দনের কারণে হার্ট একপর্যায়ে রক্ত পাম্প করতে ব্যর্থ হয়ে হার্ট ফেইলিউরের শিকার হওয়ার সম্ভাবনা হতে পারে।
তাই আমি আসলে বলতে চাই কোন কিছু অন্ধের মত ফলো না করে একটু নিজে বিবেচনা করেন তারপর সিদ্ধান্ত নেন যে আপনার করা উচিত কি উচিত না। আর আপনারা যারা এটার পক্ষে কথা বলেন তাদের বলছি একটু পড়াশুনা করে আরও ভালোভালো টপিক বের করে মানুষকে সেটা শিখান। এসব ভুলভাল জিনিস শিখাবেন না।
পোস্টটি ভালো লাগলে এবং আপনার পরিচিত কেউ কফি এনেমা ফ্যান থাকলে তার সাথে শেয়ার করুন। দরকার হলে আমি তাকে বোঝাবো।
#সঠিকতথ্য