23/08/2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থবিভাগ, অর্থমন্ত্রণালয় কর্তৃক পরিচালিত Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড প্রোগ্রামের আওতায় কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা, নারায়ণগঞ্জ ও মির্জাপুর-টাঙ্গাইলে তিন মাস মেয়াদী কেয়ারগিভিং কোর্সে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই প্রোগ্রামের আওতায় মোট ১,৪২০ জনকে কেয়ারগিভিং কোর্সে প্রশিক্ষণ প্রদানের টার্গেট রয়েছে। এখন পর্যন্ত ৫৩৫ জন কেয়ারগিভিং কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তন্মধ্যে ৪০৯ জন কেয়ারগিভার হিসেবে চাকুরি করছে এবং ১২৬ জন চাকুরির প্রক্রিয়াধীন রয়েছে।
জুলাই ২০২৬ থেকে শুরু হওয়া ব্যাচসমূহের প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশেন ও জব কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা, মির্জাপুর ও নারায়ণগঞ্জ কেন্দ্রে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ আগষ্ট ২০২৬ তারিখে কেয়ারগিভিং কোর্সের প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন ও জব কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SICIP-কুমুদিনী প্রোগ্রামের চিফ কো-অর্ডিনেটর জনাব মোজহারুল ইসলাম। প্রশিক্ষণ কেন্দ্রের কোর্স ইনচার্জ কাম সিনিয়র ট্রেইনার, সিনিয়র ট্রেইনার, ট্রেইনার, প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন ট্রেনিং, অ্যাসেসমেন্ট এন্ড মনিটরিং কো-অর্ডিনেটর জনাব নিহার রঞ্জন রায়, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট কো-অর্ডিনেটর জনাব জাকির হোসাইন সিকদার, জব প্লেসমেন্ট এন্ড ডাটাবেইজ কো-অর্ডিনেটর জনাব রাশেদুজ্জামান, ট্রেনিং, অ্যাসেসমেন্ট এন্ড মনিটরিং এ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর জনাব হাসানুজ্জামান, কুমুদিনী নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল ড. শেফালী রানী সরকার ও স্পেশালাইজড নার্সিং প্রোগ্রামের কোর্স ইনচার্জ সিস্টার বার্ণাডেট শিউলি গোমেজ এবং প্রোগ্রাম বাস্তবায়ন ইউনিট (পিআইইউ) এর অন্যান্য স্টাফবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশেন ও জব কাউন্সিলিং অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে বরণ ও তাদের মধ্যে এপ্রোন বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ SICIP-KWT প্রোগ্রামের লক্ষ্য- উদ্দেশ্য, ট্রেনিং কার্যক্রম, দক্ষতা অর্জনের গুরুত্ব, কর্মসংস্থান তৈরিতে SICIP এর ভূমিকা, ট্রেনিং শেষে দেশে-বিদেশে ক্যারিয়ার গড়ার ক্ষেত্র ও সুযোগসমূহ প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।