14/06/2026
ধরুন আপনি একজন রোগী অথবা রোগীর আত্মীয়। দেশের রাজধানীর একটা সরকারি হস্পিটালে, নিজের ভর্তি হওয়া ওয়ার্ডের পাশে থাকা ওয়াশরুমে মলত্যাগ করতে গেলেন।
কিন্তু যাওয়ার সাথে সাথেই দেখলেন, সেই ওয়াশরুমের অবস্থা এতই জঘন্য যে সেখানে ছোট ছোট কীটপতঙ্গ জন্ম নিয়েছে। এপাশে ওপাশে নোংরা আবর্জনা জড়ো হয়ে আটকে আছে পানি নিষ্কাশনের লাইন। আবর্জনা জমতে জমতে পঁচে এখন তা দলা হয়ে গেছে। দুর্গন্ধে ওয়াশরুমে ঢোকা যাচ্ছে না।
কিন্তু আপনি তাও মানিয়ে নিলেন। ভাবলেন, রোগটা সেরে গেলেই তো চলে যাবেন। একটু কষ্ট করে নেই।
কিন্তু এর মাঝেই হুট করে শেষ হয়ে গেলো ওয়াশরুমের পানি। আপনি বিপদের সম্মুখীন হলেন। কোনভাবে কাজ সেরে বের হয়ে পরক্ষণেই জানতে পারলেন সন্ধ্যার পর থেকে পানির সাপ্লাই বন্ধ থাকবে।
নিয়মানুযায়ী এই বেলা পানি আছে, তো ওই বেলায় থাকবে না।
কিন্তু তারপরও আপনি অভিযোগ জানালেন না।
কারণ আপনি জানেন, আপনি এদেশের একজন নিম্নবিত্তের ঘরে জন্ম নিয়েছেন। আপনার দিকে নজর দেয়ার কেউ নেই। আপনার কথায় কর্ণপাত করার কেউ নেই।
কারণ আপনি গরিবের বাচ্চা।
আর এটাই হচ্ছে ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের দেশে রাজধানীর একটা সরকারি হাসপাতালের ওয়াশরুমের গল্প।
শুধু ওয়াশরুমের।
এমন হাজারো জিনিসের গল্প দৈনিক চাইলেই লিখা যায়। লিফট নিয়ে, বেড সংখ্যা নিয়ে, দীর্ঘ লাইন নিয়ে।
কিন্তু লিখতে পারি না।
কারণ জানি না ঠিক কতটা লিখলে এসব পরিবর্তন হয়।