04/04/2026
বাচ্চা দৌড়াচ্ছে, লাফাচ্ছে, এক জায়গায় বসতেই চায় না - এটা অনেক সময়ই স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই হয়, যখন সে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, মনোযোগ ধরে রাখতে পারে না, আর আচরণটা প্রায় সব সময়ই এমন থাকে।
অনেক গবেষণায় দেখা গেছে, বাচ্চার আচরণ শুধু “শরীরের এনার্জি” দিয়ে না, বরং “খাবারের মান” দিয়েও অনেকটা প্রভাবিত হয়।
ধরুন, আপনার বাচ্চা সকালবেলা ময়দার তৈরি খাবার, মিষ্টি বা প্যাকেটজাত স্ন্যাক্স খেল। এগুলো খুব দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে দেয়, ফলে হঠাৎ এনার্জি বেড়ে যায়। কিছুক্ষণ পর সেই শর্করা দ্রুত কমে যায়, আর তখনই আসে অস্থিরতা, বিরক্তি বা মনোযোগ কমে যাওয়া।
Centers for Disease Control and Prevention এর তথ্য অনুযায়ী, শিশুদের খাদ্যাভ্যাস রক্তে শর্করার পরিবর্তনের মাধ্যমে তাদের আচরণ ও মনোযোগে প্রভাব ফেলতে পারে।
এখন একটু বাস্তব উদাহরণ ভাবুন
যেদিন বাচ্চা সুষম খাবার খায় যেমন: ভাত, ডাল, মাছ বা মাংস, শাকসবজি, সেদিন সে তুলনামূলকভাবে শান্ত থাকে, মনোযোগ ভালো থাকে। আর যেদিন শুধু বাইরের জাংক বা মিষ্টি বেশি খায়, সেদিনই সে বেশি চঞ্চল বা অস্থির হয়ে যেতে পারে।
এখানেই মূল পার্থক্যটা তৈরি হয়।
তবে মনে রাখতে হবে, সব হাইপারঅ্যাক্টিভিটির কারণ খাবার না, অপর্যাপ্ত ঘুম ও স্ক্রিন টাইমও এর জন্য দায়ী।
কিন্তু আপনি যদি ছোট্ট একটা পরিবর্তন আনেন অর্থাৎ খাবারের মান ঠিক রাখেন তাহলে অনেক ক্ষেত্রেই বাচ্চার আচরণে ইতিবাচক পরিবর্তন দেখতে পারবেন।