08/07/2026
নরসিংদীতে নির্মমতার শিকার সেই বাকপ্রতিবন্ধী বৃদ্ধা বুবির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক,
নরসিংদীর রায়পুরা উপজেলায় দুর্বৃত্তদের নির্মম নির্যাতন ও লুটপাটের শিকার হওয়া সেই অসহায় বাকপ্রতিবন্ধী বৃদ্ধা বুবি (৮০) আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
কয়েকদিন আগে মেথিকান্দা রেলওয়ে স্টেশনে কর্মরত এই বৃদ্ধার ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা বৃদ্ধাকে নির্মমভাবে নির্যাতন করে তাঁর সম্বল লুটপাট করে নেয়। একজন বাকপ্রতিবন্ধী ও অসহায় বৃদ্ধার ওপর এমন অমানুষিক নির্যাতনের ঘটনাটি প্রকাশ্যে এলে স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
ঘটনাটি জানার পর পরই রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাসুদ রানা বৃদ্ধা বুবির চিকিৎসার ও সার্বিক দেখভালের দায়িত্ব নেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। চিকিৎসকরাও সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু সবাইকে কাঁদিয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
"বৃদ্ধা বুবির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এই নির্মম ঘটনার সাথে জড়িত অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।"
— মো: মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রায়পুরা।
দীর্ঘ দেড় দশক ধরে স্টেশনের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকা বুবির এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো মেথিকান্দা রেলওয়ে স্টেশন এলাকাসহ রায়পুরায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন।