16/03/2026
হাসপাতাল এক অদ্ভুত জায়গা
ইর্ণ্টানীর সময় গাইনী ও অ্যান্ড অবসে ডিউটি করছি। হঠাৎ পোষ্ট-পার্টাম হ্যামোরেজের এক পেশেন্ট আসলো,
বাচ্চা জন্মের পর মারাত্মক রক্তক্ষরণ।
অবস্থা এতটাই খারাপ যে মুহূর্তে মুহূর্তে জীবন ফুরিয়ে যাচ্ছিল। আমরা চেষ্টার কোনো কমতি রাখিনি। জীবন ফিরিয়ে আনার জন্য লড়েছি শেষ পর্যন্ত...কিন্তু পারলাম না।বাঁচাতে পারলাম না।
ভাঙা মন নিয়ে ওয়ার্ড থেকে বের হচ্ছি… চোখের সামনে তখনো ভাসছে নিথর মুখটা।
ঠিক তখনই এক মহিলা এসে সামনে দাঁড়ালেন।হাতে এক প্যাকেট মিষ্টি।বললেন,
“স্যার, একটা মিষ্টি খান না! আমার মেয়ের বাচ্চা হইছে। এইতো খুশিতে মিষ্টি আনছি।”
মুহূর্তেই বুকের ভিতর কেমন এক ভারী হাওয়া বয়ে গেল।এক মা সদ্য সন্তান হারিয়েছেন… অন্য মা খুশিতে মিষ্টি বিলাচ্ছেন।
হাসপাতাল- সত্যিই এক অদ্ভুত জায়গা।
এখানে এক মায়ের বুক ফেটে যায় মেয়ের মৃত্যুশোকে,আবার অন্য মায়ের মুখে ফুটে ওঠে সন্তানের খুশির হাসি।
মেডিসিন ওয়ার্ডে একদিন হার্টের সমস্যা নিয়ে এক পেশেন্ট এলো।সব চেষ্টার পরেও তাকে বাঁচানো গেল না।মৃতদেহ তখনো পাশের বেডেই।
আর তার পাশেই দুইজন রুগী বসে হেসে হেসে গল্প করছেন।তাদের খুশির কারণ?তাদের একজনের ছেলের সাথে আরেকজনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে।
মনে হচ্ছিল,এই হাসপাতাল যেন জীবনের এক অদৃশ্য নাট্যমঞ্চ,যেখানে একই দৃশ্যপটে কেউ চিরতরে বিদায় নিয়ে চলে যায়,আবার কেউ নতুন জীবনের সূচনা করে।
সার্জারি ওয়ার্ডে একদিন এল ২৩ বছরের এক তরুণ।অবস্থা সংকটাপন্ন।জরুরি অপারেশন দরকার।আমি দৌড়াদৌড়ি করছি ব্যবস্থা করতে।শেষ পর্যন্ত যখন তার পাশে যাই,সে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল -“স্যার, হাত ছাইড়েন না… হাত ছাড়লে মইরা যামু।”
আমি হাত ছাড়িনি।তবুও...তাকে ধরে রাখতে পারিনি।
ডাক্তারের রুমে বসে যখন তার ডেথ সার্টিফিকেট লিখছি, ঠিক তখনই আরেক রোগী দরজায় এসে দাঁড়াল।
বলল, “স্যার, আপনি পাশে ছিলেন বলেই আমি সুস্থ হইয়া বাড়ি যাইতেছি। দোয়া কইরেন স্যার।”
আমি থমকে গেলাম।
একজনকে পাশে থেকেও হারালাম,আর একজন পাশে থাকায় ফিরে গেল জীবনে।এটাই হাসপাতাল… এটাই ডাক্তারদের প্রতিদিনের বাস্তবতা।
হাসপাতাল…এমন এক জায়গা,যেখানে প্রতিটি মুহূর্তে কেউ হাসে, কেউ কাঁদে।কেউ বুকভরা দুঃখ নিয়ে বাড়ি ফিরে যায়…আবার কেউ একরাশ আনন্দ নিয়ে।
আমি যদি কাউকে দুঃখ দেখতে বলি- আমি বলি, তাকে হাসপাতালে যেতে।
আবার যদি কাউকে সুখের দৃশ্য দেখতে বলি- তবুও বলি, হাসপাতালে যাও।
কারণ, এতোটা সুখ-দুঃখের অদ্ভুত সংমিশ্রণ,জীবনের এই রঙমিশ্র বাস্তবতা-হাসপাতালের বাইরে আর কোথাও খুঁজে পাওয়া যায় না।
ডা. শামীম রেজা
(একজন চিকিৎসকের চোখে দেখা জীবনের প্রতিদিন)