27/01/2024
"অভিজ্ঞতার মূল্য"
একটা গল্প পড়েছিলাম। অনেকেই হয়তো পড়েছেন। একটা জাহাজের ইঞ্জিনে ডিস্টার্ব দিচ্ছিলো। কোন ভাবেই চালু হচ্ছিলো না। অনেক টেকনিশিয়ান দেখানো হচ্ছিলো কিন্তু কেউই ইঞ্জিন চালু করতে পারছিলোনা। শেষে একজন বয়স্ক অবসরপ্রাপ্ত টেকনিশিয়ানকে ডাকা হলো। সে অনেকক্ষন খুটিয়ে খুটিয়ে পর্যবেক্ষণ করলো। তারপর ছোট একটা হাতুড়ি দিয়ে কোথাও একটা বারী দিতেই ইঞ্জিন চালু হয়ে গেলো৷ সে যখন তার কাজের বিল জমা দিলো সেখানে বড়সড় একটা বিল দেখা গেলো। জাহাজের মালিক বললো, তুমি তো কাজই করোনি, ছোট হাতুড়ি দিয়ে একটা বারি দিয়েই কাজ শেষ করেছো, এর জন্য এত বিল হয় কিভাবে? আমাকে বিস্তারিত বিল জমা দাও। টেকনিশিয়ান বিস্তারিত বিলে লিখলো একটা বারি দেয়ার জন্য অল্প কিছু টাকা, আর বাকিটা কোথায় বারি দিতে হবে সেটা জানতে তার এত বছরের অভিজ্ঞতার মূল্য।
আমাদের চিকিৎসা পেশাও অনেকটা সেরকম। মানুষভাবে এই ছোট কাজের জন্য বা এই ছোট একটা প্লাস্টারের জন্য ২/৩ হাজার বা শহরভেদে এবং চিকিৎসকের অভিজ্ঞতা ভেদে সেটা ৫/১০/১৫ হাজার টাকা, এত হয় কিভাবে? কিন্তু নিচের এক্সরে গুলো খেয়াল করলেই দেখবেন কতটা খারাপ ভাবে ভেঙেছে একেকটা হাড়। প্রতিটিই বাচ্চা রোগী। স্বভাবতই বাচ্চাদের নিয়ে তাদের বাবা মারা একটু বেশিই কনসার্ন থাকেন, সেটা থাকাই স্বাভাবিক। কারণ তার পুরো জীবনটাই পড়ে আছে সামনে। এমন ভাঙা থাকলে এবং সেটার চিকিৎসা ঠিকঠাক না হলে সেই বাচ্চাকে সারাজীবন সেটার ফল ভোগ করতে হবে, পঙুত্ব ও বরণ করা লাগতে পারে সারা জীবনের জন্য। কিন্তু তারপরেও অনেক পিতামাতা তাদের অজ্ঞতার কারণেই হোক বা ৫০০/১০০০ টাকা বাচানোর তাগিদেই হোক, অনেক সময় অনভিজ্ঞ কোন ডাক্তার (অন্য বিষয়ের অভিজ্ঞ) বা কবিরাজ বা ফার্মেসিওয়ালার কাছে চিকিৎসা নিয়ে থাকেন। ফলস্বরূপ দেখা যায় কোন একটা সমস্যা বাধিয়ে তারপর আসেন হাসপাতালে। কিন্তু শুরুতেই যদি একজন অভিজ্ঞ অর্থপেডিশিয়ান এর কাছে যান তাহলে এমন খারাপ ভাবে ভাঙাও প্লাস্টার দিয়ে কোন অপারেশন ছাড়াই এমন সুন্দর ভাবে মিলিয়ে দেয়া সম্ভব। যদিও বড়দের ক্ষেত্রে এমন ভাঙা অনেক ক্ষেত্রেই অপারেশন লাগে বা লাগতে পারে কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে অপারেশন ছাড়াই শুধু প্লাস্টার দিয়েই চিকিৎসা করা সম্ভব। সেক্ষেত্রে চিকিৎসকের অভিজ্ঞতার উপর নির্ভর করে তিনি কতটা ভালোভাবে ভাঙা হাড় জায়গামত বসাতে পারবেন। তাই কিছু টাকা বাচানোর আশায় কবিরাজ বা ফার্মেসি ওয়ালার কাছে না গিয়ে অভিজ্ঞ অর্থপেডিশিয়ান এর পরামর্শ নিন।
গত ২ সপ্তাহে করা কাজের মধ্যে একাংশ নিচের এক্সরে ৩ টি।