27/07/2026
ফরিদপুরে ‘ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি. ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল উপ-শাখার উদ্যোগে ‘ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) আয়োজিত কর্মসূচিতে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ও হাসপাতাল সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা।
পুবালী ব্যাংক পিএলসি ফরিদপুর শাখার সহকারী মহা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ শাহ আলম-এর সভাপতিত্বে এবং ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল উপ-শাখার ব্যবস্থাপক ইমরান হোসেন-এর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দিলরুবা জেবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ খান মোহাম্মদ আরিফ, উপাধ্যক্ষ, ফরিদপুর মেডিকেল কলেজ, ডাঃ মানষ কৃষ্ণ কুন্ডু, উপ-পরিচালক ,ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল,মোঃ মাহমুদুল হাসান -সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, ফরিদপুর,সুলতানা পারভীন-নার্সিং ইন্সট্রাক্টর, ফরিদপুর নার্সিং এন্ড মিডওয়াফারি কলেজ, ফরিদপুর- সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে বাংলা কিউআর একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একই কিউআর কোড ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থের ব্যবহার কমবে, সময় সাশ্রয় হবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরাপত্তা আরও নিশ্চিত হবে।
বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর ক্যাশলেস লেনদেনের প্রসারে ব্যবসায়ী, গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাংলা কিউআর ব্যবহারের বিস্তার ঘটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় পুবালী ব্যাংক পিএলসি’র কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণী-পেশার গ্রাহক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।