22/02/2026
আপনি কি পাস্টিকের ডিম খাচ্ছেন? তাহলে এই লেখাটি আপনার জন্য।
ডিম আসলে কী দিয়ে তৈরি?
খোসা (Shell)
• উপাদান: প্রায় ৯৪–৯৭% ক্যালসিয়াম কার্বোনেট (CaCO₃)
• সাথে অল্প ম্যাগনেশিয়াম, ফসফরাস
• ছোট ছোট ছিদ্র (porous) থাকে → ভেতরে অক্সিজেন ঢোকে, গ্যাস বের হয়
• ভেতরে ২টি পাতলা ঝিল্লি (inner & outer membrane)
সাদা অংশ (Albumen প্রোটিন)
• প্রায় ৮৮–৯০% পানি
• প্রায় ১০–১১% প্রোটিন
কুসুম (Yolk)
• প্রায় ৫০% পানি
• প্রায় ১৬–১৭% প্রোটিন
• প্রায় ৩২–৩৫% ফ্যাট (চর্বি)
এতে আরো আছে বিভিন্ন প্রকার ভিটামিন এবং মিনারেলস। ডিমকে যখন তাপ দেওয়া হয় তখন এই প্রোটিন ডিন্যাচার হয় এবং গলে না গিয়ে জমাট বেধে শক্ত হয়। প্রোটিনের কারণে এটাই হল ডিমের আসল খেলা। এখন আসি প্লাস্টিকে-
ধরা যাক খুব নরম Thermoplastic Elastomer (TPE) (Shore A 0–10-Shore A হলো প্লাস্টিক বা রাবারের নরম-কঠিন মাপার স্কেল।) ব্যবহার করা হলো।
কাঁচা অবস্থায়
• নরম/জেল-জাতীয় অনুভূতি আনা যায়।
• তবে ডিমের মতো দুই স্তর (স্বচ্ছ সাদা + হলুদ কুসুম) একই সঙ্গে স্বচ্ছতা, সান্দ্রতা (viscosity) ও আলাদা আচরণ—এগুলো বাস্তবসম্মতভাবে আনা যাবে না।
রান্নার করা হলে
• তাপমাত্রা ৭০–১০০°C-এ গেলে TPE/অন্যান্য প্লাস্টিক নরম হয়ে যাবে, বিকৃত হবে বা গলতে শুরু করবে।
• প্রোটিনের মতো “সাদা হয়ে শক্ত” হবে না; বরং আকৃতি নষ্ট, তেলতেলে/গলিত ভাব আসবে।
• দুর্গন্ধ বা ক্ষতিকর রাসায়নিক নির্গত হতে পারে।
সংক্ষেপে বললে-
• ডিমের প্রোটিন-ভিত্তিক অংশ জমাট বাঁধে; প্লাস্টিক তা পারে না।
• কাঁচা ডিমের সাদা অংশ আংশিক স্বচ্ছ ও ঘন; কুসুম আলাদা টেক্সচার যা একই শেলে থাকে।পাস্টিকের ক্ষেত্রে দুই ভিন্ন তরল-জাতীয় স্তর স্থায়ীভাবে রাখা সম্ভব না।
• আসল খোসা ক্যালসিয়াম কার্বোনেটের সূক্ষ্ম ছিদ্রযুক্ত কাঠামো। প্লাস্টিক খোসায় সেই ভঙ্গুরতা/ছিদ্রত্ব/ওজন-অনুভূতি মিলানো অসম্ভব।
• ডিমের নিজস্ব গন্ধ/স্বাদ/পুষ্টি আছে; প্লাস্টিক তা দিতে পারে না।
তাহলে কি বাজারে প্লাস্টিকের তৈরি নকল ডিম নেই? উত্তর হল-না, নেই।
কেন নকল ডিম বানানো অবাস্তব
মুরগির একটি ডিম বর্তমানে বাজারে প্রায় ১০-১২ টাকায় পাওয়া যায়। আপনি যে ভিডিওগুলো দেখেন, সেখানে ডিম বানাতে যে ধরণের রাসায়নিক (যেমন: সোডিয়াম অ্যালজিনেট, জিলেটিন, ক্যালসিয়াম ক্লোরাইড) এবং সূক্ষ্ম ছাঁচের প্রয়োজন হয়, সেগুলোর খরচ একটি আসল ডিমের চেয়ে অনেক বেশি। একজন ব্যবসায়ী বেশি খরচ করে নকল ডিম তৈরি করে কম দামে বাজারে বিক্রি করবেন—এটি ব্যবসায়িক দিক থেকে কোনোভাবেই লাভজনক নয়।
সরকারি ও বিশেষজ্ঞ মত
• বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA) একাধিকবার পরীক্ষা চালিয়ে জানিয়েছে যে, বাজারে কোনো "প্লাস্টিকের ডিম" পাওয়া যায়নি।
• গুজবের উৎস: ইন্টারনেটে যে ভিডিওগুলো নকল ডিম তৈরির প্রক্রিয়া হিসেবে ভাইরাল হয়, সেগুলো আসলে বাচ্চাদের জন্য তৈরি করা 'স্লাইম টয়' (Slime Toy) বা খেলনা তৈরির ভিডিও। এগুলো খাবার জন্য নয়।
ডিম "অস্বাভাবিক" মনে হওয়ার আসল কারণ
অনেকে ডিমের ভেতর অস্বাভাবিক কিছু দেখে সেটিকে নকল মনে করেন। এর পেছনে কিছু প্রাকৃতিক কারণ থাকতে পারে:
• পুরানো ডিম: ডিম অনেক দিনের পুরানো হলে বা সঠিক তাপমাত্রায় না রাখলে ভেতরের কুসুম ও সাদা অংশ মিশে যেতে পারে।
• খাবার ও অ্যান্টিবায়োটিক: মুরগিকে কী ধরণের খাবার বা ওষুধ খাওয়ানো হচ্ছে, তার ওপর ভিত্তি করে ডিমের খোসা পাতলা বা খসখসে হতে পারে।
• তৈরি ত্রুটি: প্রাকৃতিকভাবেই কিছু মুরগি "অ্যাবনরমাল" ডিম পাড়ে (শতকরা প্রায় ২ ভাগ), যার আকার বা কুসুমের রং ভিন্ন হতে পারে।
তাহলে কি পুরোটাই নিরাপদ?
নকল ডিম না থাকলেও, "অস্বাস্থ্যকর বা পচা ডিম" বাজারে থাকা সম্ভব। ডিমের গুণগত মান নিশ্চিত করতে আপনি সহজ কিছু পরীক্ষা করতে পারেন:
• পানির পরীক্ষা: ডিম গ্লাসের পানিতে ডুবিয়ে দিন। আসল এবং টাটকা ডিম নিচে তলিয়ে যাবে। পচা ডিম ভেসে উঠবে।
• শেলের গঠন: টাটকা ডিমের শেল বা খোসা একটু খসখসে হয়। খুব বেশি মসৃণ ও উজ্জ্বল শেল অনেক সময় রাসায়নিক প্রলেপের কারণে হতে পারে।
পরিষেশে, আসুন, সচেতন হই, অন্যকে সচেতন করি।
খাদ্য অপচয় রোধ করি।
নোটঃ সব শব্দ বাংলা ব্যবহার করতে পারিনি।😃
সেজন্য দুঃখিত।😁