14/08/2026
এই লেখাটা স্কিপ করার আগে ৩০ সেকেন্ড সময় দেন ভাই।
বিশ্বাস করেন, কাল সকালে এই লেখাটাই হয়তো আপনার বাবার জীবন বাঁচায় দিবে।
আপনার বাসায়ও কি আলমারির উপর এক পাতা গ্যাস্ট্রিকের ওষুধ পড়ে থাকে?
গল্প ১ - রহমান সাহেব:
রহমান সাহেব, বয়স ৪৮। মতিঝিলে একটা প্রাইভেট ফার্মে একাউন্টস দেখেন।
সকাল ৮টায় বের হন, দুপুরের খাওয়া ৩টায়, রাতে আবার ১১টায়। বুকটা মাঝেমধ্যে জ্বলে, ঢেকুর ওঠে।
৫ বছর আগে পাড়ার ফার্মেসি থেকে ২০ টাকার omeprazole এনে খেয়েছিলেন। জাদুর মতো কাজ করলো! এরপর থেকে ওটাই তার নাস্তা। সকালে ঘুম থেকে উঠে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট, তারপর চা। ডাক্তার? আরে ভাই, গ্যাস্ট্রিকের জন্য আবার ডাক্তার লাগে নাকি!
গল্প ২ - কলেজে পড়া সুমি:
সুমি, বয়স ২২। অনার্স সেকেন্ড ইয়ার। একটু টেনশন হলেই বমি বমি লাগে, পেট ফাঁপে। বান্ধবীর বুদ্ধিতে সেও শুরু করলো গ্যাস্ট্রিকের ওষুধ। এখন ব্যাগে লিপস্টিকের সাথে এক পাতা গ্যাসের ওষুধও থাকে। না খেলে মনে হয় গ্যাসে মরে যাবো।
একদিন সাহস করে ওষুধটা বাদ দিলো।
বিশ্বাস করেন, এর পরদিন থেকে যা শুরু হলো...
রহমান সাহেবেরও একই কাহিনী। একদিন ভাবলেন, অনেক তো খেলাম, এবার বাদ দিই। দুই দিন পর বুক জ্বলা এতো বেড়ে গেলো যে রাতে ঘুমাতে পারলেন না। তার মনে হলো, "আমার গ্যাস্ট্রিক তো আগের চেয়ে ডাবল বেড়ে গেছে!"
ভয় পেয়ে ২০ বাদ দিয়ে এবার ৪০ পাওয়ারেরটা শুরু করলেন।
এখানেই আমরা সবাই ভুলটা করি।
দুইটা মানুষ, দুইটা বয়স, দুইটা জীবন... কিন্তু ভিলেন একজনই...
আর তার নাম হলো - মুড়ি-মুড়কির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া।
আসলে হচ্ছেটা কি শরীরের ভেতরে? একদম সহজ করে বুঝাই।
আমাদের পাকস্থলীতে এসিড বানানোর কিছু কোষ আছে। আপনি যখন দিনের পর দিন ওষুধ খেয়ে এসিড জোর করে কমায় রাখেন, তখন শরীর ভাবে - "আরে, এসিড তো কমে যাচ্ছে, আরও বানাতে হবে।"
তখন শরীর একটা হরমোন বাড়ায় দেয়, নাম গ্যাস্ট্রিন। আর এসিড বানানোর কোষগুলো ফুলে-ফেঁপে সংখ্যায় বেড়ে যায়।
এতদিন সব চুপচাপ।
যেই আপনি ওষুধটা বন্ধ করলেন, ওই বেড়ে যাওয়া কোষগুলো একসাথে হাজার হাজার এসিড বানানো শুরু করে। আগের চেয়েও বেশি!
ডাক্তারি ভাষায় এটাকে বলে Rebound Acid Hypersecretion। মানে ওষুধ বন্ধের ধাক্কায় এসিডের বন্যা।
আপনি ভাবছেন রোগ বেড়েছে, আসলে এটা ওষুধ বন্ধের রিয়েকশন। আর এই ফাঁদে পড়েই আমরা আবার ওষুধ শুরু করি, ডোজ বাড়াই। বছরের পর বছর।
আর এই চক্রের আড়ালেই আসল রোগটা চাপা পড়ে থাকে।
এই ভুলটা আমরা কেন করি? ৪ টা কারণে -
১. ফার্মেসি আমার ডাক্তার: বুক জ্বললেই ফার্মেসি থেকে এক পাতা ওষুধ। কোনো প্রশ্ন নেই, কোনো পরীক্ষা নেই। আমরা ভাবি এটা তো গ্যাসের ওষুধ, পানি-ভাতের মতোই।
২. ডোজ বাড়ানোর খেলা: ২০ তে কাজ না হলে ৪০। ৪০ তে না হলে দুই বেলা। কে বলেছে বাড়াতে? নিজেই। শরীর কি বলছে, তা শুনিনি।
৩. "খেলেই তো ভালো থাকি, টেস্ট কেন করবো?" - এটাই সবচেয়ে বড় বাঙালি যুক্তি। আরে ভাই, ওষুধ তো শুধু ব্যথা চাপা দিচ্ছে। ভেতরে আলসার হচ্ছে নাকি, ঘা হচ্ছে নাকি, অন্য কোনো ইনফেকশন (H. pylori) আছে নাকি, তা তো আপনি এন্ডোস্কোপি না করে জানবেন না।
৪. বিপদ সংকেতকে পাত্তা না দেওয়া: ওজন কমে যাচ্ছে, খেতে ইচ্ছে করে না, পায়খানার রঙ কালচে আলকাতরার মতো, খুব দুর্বল লাগে - এগুলোকে আমরা "গ্যাস বাড়ছে" বলে উড়ায় দিই।
রহমান সাহেবও উড়ায় দিয়েছিলেন। শেষ কয়েক মাস ধরে ওজন কমছিল, পায়খানা কালো হচ্ছিল। ভেবেছিলেন গ্যাস।
একদিন অফিসে যাওয়ার পথে মাথা ঘুরে পড়ে গেলেন। হাসপাতালে নিয়ে রক্ত পরীক্ষায় দেখা গেলো - শরীরে রক্ত প্রায় নেই বললেই চলে! তীব্র রক্তশূন্যতা।
এন্ডোস্কোপি করে দেখা গেলো, পাকস্থলীতে একটা পুরনো আলসার থেকে দিনের পর দিন একটু একটু করে রক্ত বের হচ্ছে। বছরের পর বছর ওষুধ সেই ব্যথাটা চাপা দিয়ে রেখেছিল, তাই টেরই পাননি। আর কয়েক সপ্তাহ দেরি হলে হয়তো উনাকে আর ফেরানো যেত না। কয়েক ব্যাগ রক্ত দিয়ে এই যাত্রায় বাঁচলেন।
এটা কোনো গল্প না ভাই, এটা আমাদের প্রতিটা ঘরের কাহিনী।
ভয় পাইয়েন না ভাই... সুখবর হচ্ছে, একটু সচেতন হলেই এই ফাঁদ থেকে বের হওয়া যায়।
গ্যাস্ট্রিকের ওষুধ খারাপ না। এটা খুব ভালো ওষুধ, জীবন বাঁচায়। কিন্তু এটা মুড়ি-মুড়কি না, এটা নিয়ম মেনে খেতে হয়।
তাহলে করণীয় কী? ৩ টা জিনিস মনে রাখেন -
১. নিজে নিজে বছরের পর বছর খাবেন না: যদি ২-৩ সপ্তাহের বেশি প্রায় প্রতিদিন গ্যাসের ওষুধ লাগে, তাহলে একবার হলেও একজন ডাক্তার দেখান। উনি কারণটা খুঁজবেন। প্রয়োজনে H. pylori টেস্ট বা এন্ডোস্কোপি দিতে পারেন।
২. হুট করে বন্ধ করবেন না, হুট করে ডোজ বাড়াবেনও না: দীর্ঘদিন খাওয়ার পর হঠাৎ বন্ধ করলে ওই Rebound এসিড হবেই। তাই ডাক্তার আস্তে আস্তে ডোজ কমিয়ে বন্ধ করার নিয়ম বলে দিবেন। নিজে ডাবল পাওয়ার শুরু করবেন না।
৩. এই ৪ টা বিপদ সংকেত ভুলেও অবহেলা করবেন না:
কারণ ছাড়াই ওজন কমে যাওয়া
খাওয়ায় অরুচি, বমিতে রক্ত বা কফির গুঁড়ার মতো কিছু আসা
পায়খানার রঙ কালো আলকাতরার মতো হওয়া
বুকে ব্যথা, সাথে প্রচণ্ড দুর্বল লাগা, শ্বাসকষ্ট
এগুলো দেখলে কালক্ষেপণ না করে সাথে সাথে হাসপাতালে যান। এটা সাধারণ গ্যাস না, অন্য কিছু হতে পারে।
ওষুধ খেয়েও যদি বারবার সমস্যা ফিরে আসে, একই ডাক্তারের কাছে আবার যান। ফলোআপ করুন। ডাক্তার বদলাতে থাকবেন না।
এই পোস্টটা আপনার টাইমলাইনে পড়ে থাকলে হয়তো কারো চোখে পড়বে না। কিন্তু শেয়ার করলে হয়তো আপনার একটা শেয়ারে আপনার বন্ধুর বাবা ফার্মেসি থেকে ওষুধ আনার আগে একবার ভাববে।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।
বুকে হাত দিয়ে বলেন তো...
আপনার বাসায়, আপনার পরিবারে কে আছে যে বছরের পর বছর ধরে প্রেসক্রিপশন ছাড়াই প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছে?
কমেন্টে লিখে যান, তাকে মেনশন করে সচেতন করে দিন। আপনার একটা কমেন্ট হয়তো তাকে ডাক্তারের কাছে যেতে বাধ্য করবে।