13/04/2026
জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা ২৪–২৫ এপ্রিল
ঢাকা: জাতীয় পার্টি-এর কেন্দ্রীয় বর্ধিত সভা আগামী ২৪ ও ২৫ এপ্রিল ২০২৬ (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হবে। দলটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর নির্দেশক্রমে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-এর মাল্টিপারপাস মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টায় এ সভা শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের
দুই দিনব্যাপী এই বর্ধিত সভায় অংশগ্রহণের জন্য দলটির সকল কেন্দ্রীয় নেতা, সংশ্লিষ্ট জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা এবং অঙ্গ সংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
বিভাগভিত্তিক অংশগ্রহণের সূচি অনুযায়ী,
২৪ এপ্রিল (শুক্রবার) অংশ নেবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগ।
২৫ এপ্রিল (শনিবার) অংশ নেবে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগ।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে এই কেন্দ্রীয় বর্ধিত সভা থেকে।