11/08/2026
হুকওয়ার্ম থেকে শিশুকে নিরাপদ রাখতে ৭টি বিষয় অবশ্যই মেনে চলুন।
১. শিশুকে খালি পায়ে মাটিতে হাঁটতে দেবেন না। বাইরে খেলতে গেলে অবশ্যই জুতা বা স্যান্ডেল পরিয়ে দিন। কারণ দূষিত মাটিতে থাকা হুকওয়ার্মের লার্ভা পায়ের ত্বক ভেদ করে শরীরে প্রবেশ করতে পারে।
২. শিশুকে খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করান।
৩. শিশুকে খোলা জায়গায় পায়খানা করতে দেবেন না। বাড়িতে স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করুন। মানুষের মল মাটিতে মিশে গেলে সেখান থেকেই কৃমির সংক্রমণের পরিবেশ তৈরি হয়।
৪. কাঁচা শাকসবজি ও ফলমূল ভালোভাবে ধুয়ে এবং প্রয়োজন অনুযায়ী রান্না করে খাওয়ান। নিরাপদ পানি পান করান।
৫. শিশুকে মাটি নিয়ে খেলার পর হাত না ধুয়ে মুখে হাত দিতে দেবেন না। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।
৬. এলাকায় কৃমির সংক্রমণ বেশি হলে চিকিৎসক বা স্থানীয় স্বাস্থ্য কর্মসূচির পরামর্শ অনুযায়ী নিয়মিত কৃমিনাশক খাওয়ানোর ব্যবস্থা করুন। WHO ঝুঁকিপূর্ণ ও সংক্রমণপ্রবণ এলাকায় শিশুদের জন্য নির্দিষ্ট বিরতিতে কৃমিনাশক দেওয়ার পরামর্শ দেয়।
৭. শিশুর বারবার রক্তশূন্যতা, দুর্বলতা, ক্ষুধামন্দা বা শারীরিক বৃদ্ধিতে সমস্যা হলে শুধু আয়রন খাওয়ানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে কৃমির সংক্রমণসহ সম্ভাব্য কারণগুলো চিকিৎসকের মাধ্যমে খুঁজে বের করুন।
©ডা. মাহফুজ বাঁধন