25/08/2026
অর্থোপেডিক্সের প্র্যাকটিস করলেও মাঝে মাঝে অর্থোপেডিক্সের বাইরের রোগী এসে হাজির হয় চেম্বারে। অগত্যা সম্ভব হলে চিকিৎসা দিয়ে দিতে হয়। গত সপ্তাহে তার দাদী/নানীর সাথে সে এসে হাজির।
▶ কি এটা ? > Shingles বা Herpes Zoster Virus Infection
শিংগলস হলো ভ্যারিসেলা-জোস্টার ভাইরাসের (Varicella-Zoster Virus) সংক্রমণ হওয়া একটি চর্ম রোগ। আগে কখনো চিকেনপক্স (জলবসন্ত) হয়ে থাকলে, ভাইরাসটি শরীরে সুপ্ত অবস্থায় থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এটি শিংগলস হিসেবে পুনঃসক্রিয় হয় বা জেগে উঠে।
▶ লক্ষণসমূহঃ
• সাধারণত শরীরের একপাশে (পেটে বুকে, পিঠে) ব্যথা, জ্বালা বা চুলকানি
এরপর লালচে ফুসকুড়ি, পরে ছোট ছোট পানিভরা ফোসকা
• ফোসকা শুকিয়ে খোসা পড়ে
• ব্যথা কয়েক সপ্তাহ থেকে মাস পর্যন্ত থাকতে পারে
▶ কারা বেশি ঝুঁকিতে?
• ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তি
• ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি রোগ বা ইমিউনিটি কম এমন রোগীরা
• মানসিক চাপগ্রস্ত ও ক্লান্ত যারা থাকেন
▶ চিকিৎসা
• অ্যান্টিভাইরাল ওষুধ
• ব্যথার জন্য ব্যথানাশক ও অন্যান্য সহায়ক চিকিৎসা
• চুলকানি কমাতে ক্যালামাইন লোশন ব্যবহার করা যেতে পারে
• ক্ষতগুলো ঢেকে রাখা, হাত পরিষ্কার রাখা এবং ফোসকা চুলকানো বা ফাটানো উচিত নয়।
▶ কীভাবে প্রতিরোধ করবেন?
• স্বাস্থ্যকর জীবনযাপন করুন
• পর্যাপ্ত ঘুম, সুষম খাবার ও নিয়মিত ব্যায়াম
• মানসিক চাপ কমান
▶ এটি সংক্রামক হতে পারে বা এক জনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়াতে পারে, তবে শিংগলস সরাসরি অন্য ব্যক্তির শরীরে “শিংগলস” তৈরি করে না।
★ রোগীর ফোসকার পানির সংস্পর্শে এলে, যিনি আগে চিকেনপক্সে আক্রান্ত হননি বা ভ্যাকসিন নেননি, তাঁর চিকেনপক্স (Varicella) হতে পারে।
★ ফোসকা শুকিয়ে খোসা পড়ে গেলে সংক্রমণের ঝুঁকি থাকে না।
★ বিশেষ করে গর্ভবতী নারী, নবজাতক এবং ইমিউন কম রোগীদের কাছ থেকে রোগীকে দূরে রাখা ভালো যতক্ষণ না সব ফোসকা শুকিয়ে যায়।
★ সাধারণত শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়ায় না (localized shingles-এ); মূল ঝুঁকি হলো blister fluid-এর direct contact।
⦿ দ্রুত চিকিৎসা নিলে জটিলতা এবং দীর্ঘস্থায়ী ব্যথা (Postherpetic Neuralgia) হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়।