20/07/2026
#অটিজমে আক্রান্ত পুত্রের হাসিই স্প্যানিশ ডিফেন্ডার ( কুকুরেইয়ার) শক্তি। #
মাঠে যিনি প্রতিপক্ষের দুর্দান্ত সব আক্রমণ রুখে দেন ইস্পাতকঠিন দেয়ালে, ঘরের চার দেয়ালে তিনি কেবলই এক আবেগপ্রবণ, লড়াকু বাবা। স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া (Marc Cucurella)-র জীবনের এক না-বলা লড়াইয়ের গল্প উঠে এলো এবার।
আমাদের কাছে তিনি একজন তারকা ফুটবলার হতে পারেন, কিন্তু তাঁর জীবনের সবচেয়ে বড় এবং কঠিন ম্যাচটি তিনি খেলছেন তাঁর ঘরে, তাঁর বড় ছেলে মাতেও (Mateo)-র জন্য। মাতেও অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত।
লড়াইয়ের শুরুটা যেভাবে...
২০১৯ সালে জন্ম নেওয়া মাতেওর ঘরে গান বাজলে হাত নাড়ানো দেখে বাবা-মা ভেবেছিলেন ওটা আনন্দের নাচ। কিন্তু ভুল ভাঙল ছেলেকে স্কুলে ভর্তি করার পর। স্কুলে কান্নাকাটির কারণে দু-তিন ঘণ্টা পরেই তাকে বাড়ি নিয়ে আসতে হতো। চিকিৎসকরা জানান, মাতেও আর পাঁচটা সাধারণ শিশুর মতো নয়।
কুকুরেইয়া ও তাঁর স্ত্রী ক্লাউডিয়া রদ্রিগেজ এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন— বাবা-মা হিসেবে এই পরিস্থিতির জন্য তাঁরা মোটেও প্রস্তুত ছিলেন না। ছেলের কষ্ট দেখে একসময় নিজেকে বড্ড অসহায় লাগত এই তারকার। কথাগুলো বলতে গিয়ে কেঁদেই ফেললেন স্পেনের রক্ষণভাগের অন্যতম সেরা এই স্তম্ভ।
মাঠের লড়াই ও ঘরের জয়
সবুজ গালিচায় প্রতিপক্ষকে আটকানো আর ঘরে নীরব সন্তানের ভাষা বুঝতে শেখা— দুটোই কুকুরেইয়ার কাছে সমান লড়াই, সমান জয়! শত প্রতিকূলতা পেরিয়ে আজ সেই ছেলের মুখের মিষ্টি হাসিটাই মার্ক কুকুরেইয়াকে মাঠে লড়াই করার দ্বিগুণ শক্তি দেয়।
পেশাদার জীবনের সাফল্যের চেয়েও একজন বিশেষ শিশুর বাবার এই লড়াই অনেক বেশি অনুপ্রেরণার। কুর্নিশ এই লড়াকু বাবাকে!