28/03/2022
কোভিড দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য, শিল্পের যতটা ক্ষতি করেছে, প্রায় ততটাই বা তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা। টানা দু'বছর স্কুল কলেজ একেবারে বন্ধ থাকায় সরকারি বা সরকার পোষিত স্কুলের ছাত্রছাত্রীদের যতটা ক্ষতি হয়েছে, ততটা বোধ হয় আর কারোর হয়নি। এর অবশ্যম্ভাবী ফল হিসাবে স্কুলছুটের সংখ্যা গেছে বেড়ে।
এই অবস্থায় বিভিন্ন কারণে স্কুলে ফিরতে না পারা ছাত্রছাত্রীদের স্কুলে ফেরানোর উদ্যোগ নিয়েছে হৃদ ফাউন্ডেশন। 'ইস্কুলবাড়ি' নামক প্রজেক্টে আমরা এখনও পর্যন্ত হলদিয়া পুরসভার ১৮টি সরকারি স্কুলে গিয়েছি। স্কুলগুলির মাননীয় শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আমাদের কথা হয়েছে ও আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। আশা করছি বিভিন্ন কারণে এই সব স্কুলের যেসব ছাত্রছাত্রী এখনও স্কুলে ফিরতে পারেনি, তাদের আমরা আবার স্কুলমুখী করতে পারব।
সমাজের বিভিন্ন স্তরে কোভিড যে অপরিমেয় ক্ষতি করেছে, তার সংশোধন এক দিনে বা কারোর একক চেষ্টায় হওয়া সম্ভব নয়। আমাদের সকলকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে। হলদিয়ায় হৃদ ফাউন্ডেশন তার কাজ শুরু করেছে। আশা করি আপনাদের শুভকামনা ও সহযোগিতা থেকে আমরা বঞ্চিত হব না।