26/02/2026
26 FEBRUARY 2026
PRESS RELEASE
স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত সিনিয়র রেসিডেন্টশিপের বন্ড পোস্টিং নিয়ে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদে মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য কমিটির সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র এক বিবৃতিতে বলেন,
"আজ(২৬/০২/২৬) স্বাস্থ্যভবন থেকে প্রকাশিত রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য(শিক্ষা) অধিকর্তা সাক্ষরিত এক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এ যেভাবে সিনিয়র রেসিডেন্ট দের অধিকার খর্ব করা হয়েছে, তাকে আমরা প্রতিবাদ জানাচ্ছি।
প্রথমত, আমরা মনে করি সিনিয়র রেসিডেন্ট দের বন্ড পোষ্টিং কোনোভাবেই স্বাস্থ্যব্যবস্থায় নিয়োগ নয়, বরং তা মেডিকেল শিক্ষারই অংশ। এই এসওপি তে যেভাবে চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলা হয়েছে, তাতে চাকরি প্রার্থী চিকিৎসকদের কর্মসংস্থান খর্ব করার নামান্তর বলেই মনে করি। প্রসঙ্গত হাজার হাজার খালিপদ থাকা সত্ত্বেও জি.ডি.এম.ও. ; স্পেশালিস্ট এম.ও পোষ্ট-এ এবং এম.ই.এস এর চাকরিতে নিয়োগ করা হচ্ছে না।
দ্বিতীয়ত, স্নাতকোত্তর চিকিৎসকরা আগে যেভাবে মেধার ভিত্তিতে কাউন্সেলিং-এর মাধ্যমে প্রথম বছর মেডিকেল কলেজে সিনিয়র রেসিডেন্ট হিসাবে হাতে কলমে কাজ করা ও অভিজ্ঞতা সংগ্রহ করার ব্যবস্থা ছিল, তাকেও এই অর্ডারের মধ্য দিয়ে পক্ষান্তরে খর্ব করা হলো।
তৃতীয়ত, স্বাস্থ্যদপ্তর নিজের মতো যেকোনো সিনিয়র রেসিডেন্ট চিকিৎসককে যেকোনও সময়, যেকোনও হাসপাতালে (গ্রামীণ হাসপাতাল, মহকুমা বা জেলা হাসপাতালে) ট্রান্সফার করার অধিকার গ্রহণ করলো। এর ফলে আমরা আশঙ্কা করছি, সরকারি চিকিৎসার অব্যবস্থার বিরোধিতা সহ আর জি কর মেডিকেল কলেজের মতন আন্দোলন গড়ে উঠলে সরকার প্রতিহিংসামূলক পদক্ষেপ গ্রহণ করবে, যা এক্কেবারে স্বাস্থ্যদপ্তর থেকেই 'থ্রেট কালচার' চালানোর নামান্তর। এবং এই ট্রান্সফারের বিষয়ে প্রচুর আর্থিক লেনদেন এবং দুর্নীতি-স্বজনপোষণ ও হওয়ার আশঙ্কা ব্যক্ত করছি।
চতুর্থত, সিনিয়র রেসিডেন্টদের মেডিকেল কলেজে একবছর পোস্টিং না দিলে ভবিষ্যতে কর্মজীবনে এসিস্ট্যান্ট প্রোফেসর পোস্টে আবেদন করার(অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আবেদন করতে গেলে মেডিকেল কলেজে সিনিয়র রেসিডেন্ট হওয়া বাধ্যতামূলক) ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। এর ফলে স্নাতকোত্তর চিকিৎসকরা অনেক সমস্যার সম্মুখীন হবেন।
আমরা অবিলম্বে স্বাস্থ্যদপ্তরের এহেন অগণতান্ত্রিক ও স্বৈরাচারী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রত্যাহার করার আবেদন জানাই। এবং দাবী জানাচ্ছি যে অবিলম্বে মেধার ভিত্তিতে কাউন্সেলিং এর মাধ্যমে সিনিয়র রেসিডেন্টদের বন্ড পোস্টিং দিতে হবে।"
সংবাদদাতা:
ডাঃ নীলরতন নাইয়া
কোষাধ্যক্ষ
মেডিকেল সার্ভিস সেন্টার;পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
যোগাযোগ : +919830866990
Biplab Chandra