14/09/2022
#ভ্যাট কিভাবে কাজ করে?
সরবরাহ চক্রের প্রতিটি সরবরাহ পর্যায়ে ভ্যাট আরোপিত হয়। যেমন- একজন উৎপাদক রেজিন (প্লাস্টিক তৈরির কাঁচামাল) আমদানি করে প্লাস্টিকের তৈরি আসবাবপত্র তৈরি করে বিক্রি করেন। তিনি উৎপাদিত পণ্য পাইকারি সরবরাহকারীর নিকট বিক্রি করেন। পাইকারি সরবরাহকারী তা ক্রয় করে বিভিন্ন খুচরা বিক্রেতার নিকট বিক্রি করেন এবং খুচরা বিক্রেতাগণ চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয় করেন। ধরা যাক, সরবরাহ চক্রে ১৫% হারে ভ্যাট প্রযোজ্য।
(১) উৎপাদক ২৩০ টাকা কেজি দরে (ভ্যাটসহ) রেজিন আমদানি করেন। এর মধ্যে পরিশোধিত ভ্যাটের পরিমাণ ৩০ টাকা, যা তিনি রেয়াত পাবেন।
(২) উৎপাদক উক্ত রেজিন হতে প্লাস্টিকের তৈরি আসবাবপত্র তৈরি করে ৩০০ টাকায় পাইকারি বিক্রেতার নিকট বিক্রি করলেন। তিনি তার বিক্রয় মূল্যের সাথে ১৫% হিসাবে ৪৫ টাকা ভ্যাটসহ মোট ৩৪৫ টাকা (পণ) আদায় করবেন। ভ্যাট হিসেবে আদায়কৃত ৪৫ টাকা প্রদেয় কর এবং উপকরণ কর ৩০ টাকা (আমদানিকালে পরিশোধিত) বিয়োগ করে (৪৫-৩০) ১৫ টাকা নিট ভ্যাট হিসেবে ট্রেজারিতে জমা প্রদান করবেন। এক্ষেত্রে ৪৫ টাকা পাইকারী বিক্রেতার জন্য উপকরণ কর ।
(৩) পাইকারী বিক্রেতা ক্রয়কৃত পণ্য ৪০০ টাকায় খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করেন। তিনি তার বিক্রয় মূল্যের সাথে ১৫% হিসাবে ৬০ টাকা ভ্যাটসহ মোট ৪৬০ টাকা (পণ) আদায় করবেন। ভ্যাট হিসেবে আদায়কৃত ৬০ টাকা তার প্রদেয় কর এবং ক্রয়ের সময় পরিশোধিত ৪৫ টাকা তার উপকরণ কর। তিনি প্রদেয় কর হতে উপকরণ কর বিয়োগ করে (৬০-৪৫) ১৫ টাকা নিট ভ্যাট হিসেবে ট্রেজারিতে জমা প্রদান করবেন। এখানে ৬০ টাকা খুচরা বিক্রেতার পরিশোধিত ভ্যাট।
(৪) খুচরা বিক্রেতা তার ক্রয়কৃত পণ্য ৫০০ টাকায় সর্বশেষ ভোক্তার নিকট বিক্রি করলেন। তিনি তার বিক্রয় মূল্যের সাথে হ্রাসকৃত হারে ৫% হিসাবে ২৫ টাকা ভ্যাটসহ মোট ৫২৫ টাকা (পণ) আদায় করবেন। ভ্যাট হিসেবে আদায়কৃত ২৫ টাকা তার প্রদেয় কর এবং হ্রাসকৃত হারে ভ্যাট আদায়ের জন্য ক্রয়ের সময় পরিশোধিত ৬০ টাকা তিনি রেয়াত পাবেন না। তিনি হ্রাসকৃত হারে আদায়কৃত ২৫ টাকা নিট ভ্যাট হিসেবে ট্রেজারিতে জমা প্রদান করবেন। এখানে ২৫ টাকা সর্বশেষ ভোক্তার পরিশোধিত ভ্যাট হলেও অন্যান্য স্তরে পরিশোধিত ৩০+১৫+১৫ = ৬০ টাকার দায়ভারও তার উপর বর্তাবে। আপাতদৃষ্টে করহার (৫%) কম প্রতীয়মান হলেও রেয়াত গ্রহণের সুযোগ না থাকায় এই স্তরে করের পরিমাণ অনেক বেড়েছে।
(৫) সর্বশেষ ভোক্তা পর্যন্ত পণ্য সরবরাহে ৪টি পর্যায় পার হতে হয়েছে। ৪টি পর্যায়েই মূল্য বিনিময় হয়েছে। ৪টি পর্যায়েই কিছু কিছু ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়েছে। সরকারি কোষাগারে জমাকৃত ভ্যাটের পরিমাণ: (৩০+১৫+১৫+২৫) টাকা = ৮৫ টাকা, যা সর্বশেষ ভোক্তার পরিশোধিত ভ্যাটের সমান।
#মূসক #কর